কাপ্তাইয়ে টাইব্রেকারে চ্যাম্পিয়ন কেপিএম ব্লাড লাইন

রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম ব্রিকফিল্ড মাঠে অনুষ্ঠিত ‘চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ জুনিয়র ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কেপিএম ব্লাড লাইন। আজ রোববার (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা টাইব্রেকারে ২-১ গোলে কেপিএম বয়েজ ক্লাবকে পরাজিত করে।
নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন আকাশের সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি চিকিৎসক রহমত উল্ল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদ উল্ল্যাহ বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়—এটি শৃঙ্খলা, দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি স্থানীয় ক্রীড়া উন্নয়নে কেপিএম-এর পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আসলাম খান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু এবং কেপিএম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হুদা। ম্যাচটি পরিচালনা করেন রেফারি মো. শাহ আলম। গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে শত শত দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান।











