কাপ্তাইয়ে নির্বাচনী আচরণবিধি ও জনসচেতনতায় তথ্য অফিসের উঠান বৈঠক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাপ্তাইয়ে ভোটারদের সচেতন করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
বৈঠকে ভোটারদের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনী আচরণবিধি এবং ভোটকেন্দ্রে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, "ভোট প্রদান প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও পবিত্র দায়িত্ব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি সবাইকে সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।"
কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। সভার শুরুতে বড় পর্দায় ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করা হয়। নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।











