কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের ওয়াগ্গা ইউনিয়নের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে পুলিশ ও বন বিভাগ।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, সীতারঘাট আটাশ বাগান এলাকাটি বন্য হাতির নিয়মিত চলাচলের পথ (এলিফ্যান্ট করিডোর)। রাতে বন্য হাতির একটি দল সড়ক অতিক্রম করার সময় সামনে পড়লে হাতি ওই নারীকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে বন্য হাতির আঘাতেই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”











