কাপ্তাইয়ে সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান, দুই স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত দুটি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি হাজির টেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রের নেতৃত্বে বেলা দেড়টা থেকে ২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অভিযানে স্থানীয় এজাহার মিয়া ও রমজান আলীর নির্মাণাধীন দুটি সেমিপাকা স্থাপনার ইটের দেয়াল ভেঙে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, "সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ। সরকারি সম্পদ রক্ষার স্বার্থেই বিধি মোতাবেক নির্মাণাধীন এই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।"
এদিকে উচ্ছেদকৃত পরিবারের পক্ষ থেকে মানবিক সংকটের কথা তুলে ধরে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। রমজান আলীর স্ত্রী ইউনুস খাতুন ও এজাহার মিয়ার ছেলে মঈন উদ্দিন দাবি করেন, তাঁরা দীর্ঘ ৫০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। ভূমিহীন পরিবার হিসেবে সরকারের কাছে নিরাপদ বাসস্থানের ব্যবস্থার জন্য তাঁরা অনুরোধ জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি নীতিমালা অনুযায়ী খাস জমি রক্ষার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমিহীনদের পুনর্বাসনের বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে।











