কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবার’-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা

সংগীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা’—এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘সুরের ধারা পরিবার’-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং।
উদ্বোধনী বক্তব্যে ডা. প্রবীর খেয়াং বলেন, "সুস্থ সংস্কৃতি চর্চা সমাজের মনন ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলের তরুণদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন উদ্যোগ সময়োপযোগী।" প্রধান অতিথির বক্তব্যে মো. দিলদার হোসেন আশা প্রকাশ করেন যে, স্থানীয় শিল্পীদের পরিচর্যার মাধ্যমে এই সংগঠনটি জাতীয় পর্যায়ের শিল্পী তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন— কাপ্তাই শিল্পকলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, বিশিষ্ট যাত্রাশিল্পী আপ্রুসী মারমা কারবারি এবং নাট্য ব্যক্তিত্ব অমল বিকাশ তঞ্চঙ্গ্যা।
সংগঠনের সদস্য সচিব অর্ণব মল্লিক জানান, নতুন প্রজন্মের শিল্পী গড়ে তোলার লক্ষ্য নিয়েই সুরের ধারা পরিবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।











