কারচুপি হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: হুঁশিয়ারি আব্দুল্লাহ আল ফারুকের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হলে জনগণ তা মেনে নেবে না এবং প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চকরিয়ার বরইতলী একতাবাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আপসহীন। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করুন। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।” তিনি সমতার ভিত্তিতে উন্নয়ন এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক এবং উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমির মাওলানা ছাবের আহমেদ।
সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এতে অন্যদের মধ্যে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর ও গোলাম মোস্তফা কাইছারসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম।










