কালাঘাটায় একতা ফাউন্ডেশনের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫: প্রথম সেমিফাইনাল সম্পন্ন

বান্দরবান পার্বত্য জেলার কালাঘাটায় একতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘কালাঘাটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহ্যবাহী কালাঘাটা ব্রিকফিল্ড মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ছিল সরগরম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া উন্নয়ন ফোরামের সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলার উন্নয়নের জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। বান্দরবান থেকে ভালো খেলোয়াড় গড়ে তুলতে হলে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের নিজ দায়িত্বে আন্তরিকভাবে অনুশীলন করতে হবে। তবেই তারা জাতীয় পর্যায়ে জায়গা করে নিতে পারবে।” তিনি আরও বলেন, “আজ থেকে একতা ফাউন্ডেশনের সব ক্রীড়া কার্যক্রমে আমি সম্পৃক্ত থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ। তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো দরকার। আগের তুলনায় এখন স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট কমে গেছে। খেলাধুলা থাকলে শরীর সুস্থ থাকে এবং তরুণ সমাজ থাকে ইতিবাচক ধারায়। তাই এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত।” তিনি আরও বলেন, “সাংবাদিকতার পাশাপাশি আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী মানুষ। ক্রীড়ার উন্নয়নে একতা ফাউন্ডেশনের পাশে থাকব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব রিমন পালিত, জেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা (মাল্টিমিডিয়া), বান্দরবান। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, সভাপতি, কালাঘাটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫।
এ সময় ক্রীড়াঙ্গনের প্রতি উৎসাহ ও সমর্থনের অংশ হিসেবে বান্দরবানের সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর কুদ্দুছ কালাঘাটা একতা ফাউন্ডেশনকে দুটি ফুটবল প্রদান করেন। তাঁর এ সহায়তাকে আয়োজক ও খেলোয়াড়রা সাধুবাদ জানান। এদিন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে কালাঘাটা বাজার একাদশের মুখোমুখি হয় কালাঘাটা বিগ বস। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে কালাঘাটা বাজার একাদশ ২-০ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কালাঘাটা বাজার একাদশের মোহাম্মদ সাকিবকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, একতা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মিনিবার ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশগ্রহণ করছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।











