খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারত, পাকিস্তান ও নেপালের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক পৃথক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে মঙ্গলবার রাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছান।
বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান এবং ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর।
এদিকে, পাকিস্তান সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে আজ বুধবার সকালে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছালে তাকে পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম স্বাগত জানান। নেপাল সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের আমলে নেপাল-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার বিশেষ অবদানের প্রতি সম্মান জানাতেই এই প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বিদেশি এই অতিথিরা জানাজায় অংশগ্রহণ শেষে নিজ নিজ দেশে ফিরে যাবেন।












