চকরিয়ায় গোয়াল ঘর থেকে দুই দফায় দুটি মহিষ চুরি, চরম উৎকণ্ঠায় খামারিরা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে গোয়াল ঘর থেকে দুই দফায় দুটি মূল্যবান মহিষ চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয় খামারিদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলী আজম (২৫) চকরিয়া থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তার পিতার মালিকানাধীন গোয়াল ঘর থেকে গত ৭ ডিসেম্বর ২০২৫ এবং ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গভীর রাতে পৃথক দুটি ঘটনায় দুটি স্ত্রী মহিষ চুরি হয়। চুরি হওয়া মহিষ দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মহিষগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। মহিষ উদ্ধারে ব্যস্ত থাকায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তারা জানান।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া মহিষ উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রকে শনাক্ত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি গবাদিপশু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।










