চকরিয়া থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) চকরিয়া থানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিয়মিত মামলার ২ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম (৩২), আবদুল মজিদ খোকা (২৪), মো. আলমগীর (২৮), জিয়াউদ্দিন ওরফে আফি (২২), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯) এবং সাজ্জাদ মোহাম্মদ (১৮)।
চকরিয়া থানা-পুলিশ জানিয়েছে, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোছাইন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”










