চকরিয়ায় অপহরণের ২৪ ঘণ্টা পর ফরিদকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকার বায়তুশ শরফ রোডের মিয়াজি পাড়া নিবাসী তরুণ ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) অপহরণের ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাতামুহুরী ব্রিজ-এর উত্তর পাশে মহাসড়কের ধারে বস্তাবন্দি মুমূর্ষু অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে এবং পরবর্তীতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তার স্বাভাবিক জ্ঞান ফিরে না আসায় রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ফরিদুল ইসলামকে অপহরণ করা হয়। অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পর অপহরণকারীরা তাকে একটি গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিস্তারিত ও অপহরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কঠোর নির্দেশনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।










