চকরিয়ায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুব কর্মশালা ও খাল পরিস্কার অভিযান

অস্ট্রেলিয়ান এইড ও অক্সফ্যামের সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক যুব কর্মশালা এবং খাল পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার, (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে কর্মশালা পরবর্তী বদরখালীর টুটিয়াখালী খাল এলাকায় এই কর্মসূচি আয়োজিত হয়।
কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান । আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সোহরাব হোসেন এবং পিএসইও কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা ।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ১৬ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। তারা স্থানীয় ইকোসিস্টেম সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নীল অর্থনীতি, খাল-নদী পরিচ্ছন্নতা এবং পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন।
পরবর্তীতে টুটিয়াখালী খাল এলাকায় অংশগ্রহণকারীরা যৌথভাবে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এতে স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের মধ্যে পরিবেশবান্ধব নেতৃত্ব তৈরির লক্ষ্যে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা জানান।










