চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপনের ঘোষণা আব্দুল্লাহ আল ফারুকের

নির্বাচিত হলে চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন এবং প্রতিহিংসামুক্ত জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি স্টেশনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, “চকরিয়া ও পেকুয়া উপজেলার অর্থনীতি কৃষিনির্ভর। এখানকার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সারা বছর সংরক্ষণের সুবিধার্থে আমরা হিমাগার স্থাপন করব।” অতীতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে হয়রানির সমালোচনা করে তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই।”
কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বক্তারা চকরিয়া-পেকুয়ার উন্নয়ন এবং কৃষকদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য দেন। পথসভাটি সঞ্চালনা করেন কাকারা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কামরুল হাসান।










