চকরিয়ায় জমি বিরোধে ভাতিজার লাথির আঘাতে চাচার মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জমি-জমা বিরোধের জেরে ভাতিজার লাথি আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা শাহ উমারাবাদ শাকের মোহাম্মদ চর হিন্দুপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. কালু (৭৫) ওই গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।
পুলিশ জানান, নিহত মো. কালু (৭৫) ঘটনারদিন ওই এলাকায় সকালে দুইজন শ্রমিক নিয়ে নিজ জমিতে চাষাবাদের কাজ করতে যান। শ্রমিকদের কাজে নামিয়ে দিয়ে নুনু চন্দ্রের বাড়ির উঠানে বসে কাজের তদারকি করছিলেন কালু। এ সময় পূর্বের জমি-জমার বিরোধকে কেন্দ্র করে তারই ভাতিজা আলী আহমদ (৬৫) সেখানে এসে কালুর বুকে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়দের দাবী, আলী আহমদ দীর্ঘদিন ধরে চাচা কালুর জমি জোরপূর্বক দখলে রেখে ভোগ করে আসছিলেন, তারই জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষ করেন। ঘটনার সাথে জড়িত আলী আহমদ ও তার স্ত্রী পারভীন আক্তারকে আটক করেন। তাদেরকে থানায় আনার সময় উত্তেজিত জনতার হামলায় তারা সামান্য আহত হন। বর্তমানে দু’জনই পুলিশ পাহারায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।










