চকরিয়ায় ডাকাতের হামলায় শ্রমিক নিহত

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমর মাজার এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় আব্দুল মজিদ (৪৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ কাকারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কসাইপাড়া এলাকার বাসিন্দা ও ফকির আহমদের পুত্র বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তামাক চুল্লিতে কাজ শেষে কয়েকজন শ্রমিক বাড়ি ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন। একজন শ্রমিক কোনোভাবে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। গুরুতর আহত আব্দুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চকরিয়া থানা পুলিশ একটি দল ঘটনাস্থল ছুটে যান।










