চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী-কচ্ছপিয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এভারগ্রিন পরিবহন ও চকরিয়া সার্ভিসের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ৮ মাস বয়সী শিশু ইয়াহিয়া এবং বাসচালক মোহাম্মদ আলী (২৫)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ জানায়, দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে, বাস দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।










