চকরিয়ায় নেশাগ্রস্ত ছেলের হাতে পিতা খুন, ছেলে আটক
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম বাজার এলাকায় নেশাগ্রস্ত ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (২৫) আটক করেছে পুলিশ
নিহত ব্যক্তি হলেন খলিলুর রহমান সওদাগর (৫৫)। তিনি মৌলভীরকুম বাজার এলাকার বাসিন্দা।
শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে মিনার তার পিতা খলিলুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, মিনার দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশাজনিত বিভিন্ন ঘটনায় অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে পিতা খলিলুর রহমান তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। পরে এক মাস কারাভোগ শেষে বাড়িতে ফিরে এসে ক্ষোভের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মিনারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










