চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) চকরিয়া থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
জানা যায়, পুলিশ সুপার কক্সবাজার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি চকরিয়া থানা এলাকা, পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ ও চিরিংগা স্টেশনসহ বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৭ জন, মামলার এজাহারভুক্ত ২ জন এবং ভাসমান মাদকসেবী, হাসপাতালের দালাল, ভবঘুরে ও অন্যান্য অপরাধে জড়িত ১২ জন রয়েছেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, চিরিংগা বাজার, বাসস্টেশন, মাতামুহুরী ব্রিজ, মালুমঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেটসহ অপরাধপ্রবণ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।










