চকরিয়ায় বন্যার পানিতে নৌকা থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বন্যার পানিতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে হাসনাতু জান্নাত ঝর্না (১৪) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকার পশ্চিম পাশে বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্না আব্দুল মালেকের মেয়ে এবং উত্তর-পশ্চিম বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার কারণে বাড়ি থেকে বের হয়ে নৌকায় করে পারাপার হচ্ছিল ঝর্না। এ সময় অসাবধানতাবশত সে নৌকা থেকে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার অভিযানের পর দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










