চকরিয়ায় বন্যার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ ওয়াকিম (২) ওই এলাকার সুলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে খেলাধুলা করছিল ওয়াকিম। একপর্যায়ে সবার অজান্তে সে উঠানে জমে থাকা পাহাড়ি ঢলের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পানির ওপর ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম পাহাড়ি ঢলের পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।










