চকরিয়ায় বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে থানা-পুলিশের বিভিন্ন টিম পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আজিজ (২৬), হেলাল উদ্দিন (২২), সরওয়ার আলম (৪০), আনিছুর রহমান, আব্দুল কুদ্দুস, জাফর আলম, আবুল হাসেম, জাহিদ হাসান (২৫) ও রবিউল হাসান (২৬)।
চকরিয়া থানার পক্ষ থেকে জানানো হয়, এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্যঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে এবং ভাসমান বখাটেদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোছাইন।










