চকরিয়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর বারোআউলিয়া পাড়া এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন জনসাধারণ। সোমবার (১০ নভেম্বর) যোহরের নামাজের পর বারোআউলিয়া পাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তর মানিকপুর ১নং ওয়ার্ড সুশীল নাগরিক সমাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—স্থানীয় সমাজকর্মী সাঈদী ইবনে সৈয়দ, মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান কাউছারী এবং এলাকাবাসী প্রতিনিধি মো. হারুন ইসলাম।
বক্তারা বলেন, “আমরা আমাদের আগামী প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাই। সম্প্রতি এলাকায় অনলাইন জুয়া ও মাদকসেবনের প্রবণতা বেড়ে গেছে, যা সামাজিক ও পারিবারিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে।”
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান । স্থানীয় সুশীল সমাজের এই উদ্যোগে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণ ছিল ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, যেকোনো অবৈধ কর্মকান্ড, মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।










