চকরিয়ায় শহর রক্ষা বাঁধ ও স্লুইসগেট নির্মাণের দাবিতে মানববন্ধন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চকরিয়ায় শহর রক্ষা বাঁধ ও স্লুইসগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

চকরিয়ায় শহর রক্ষা বাঁধ ও স্লুইসগেট নির্মাণের দাবিতে মানববন্ধন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাতামুহুরী নদীর ভাঙন থেকে পৌর শহর রক্ষায় স্থায়ী বাঁধ এবং মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের পাশে একটি স্লুইসগেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া-কোচপাড়ার মধ্যবর্তী এলাকায় অবস্থিত মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চকরিয়া পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মরহুম ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল করিম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা শহিদুল ইসলাম ফোরকান।


বক্তারা বলেন, দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণ না হলে মাতামুহুরী নদীর ভাঙনে চকরিয়া পৌর বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হতে পারে।


তারা আরও বলেন, ১৯৯১ সালে এ স্থানে পাথর দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে প্রকল্পটি অন্যত্র স্থানান্তর করা হয়। এছাড়া দুই বছর আগে জাইকার অর্থায়নে কোচপাড়া থেকে মজিদিয়া মাদ্রাসা সংযোগ হয়ে নিজপানখালী সড়ক পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের একটি প্রস্তাব অনুমোদনের পথে থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় তারা সরকারি দপ্তরে ফাইল নিষ্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগও তোলেন।


বক্তারা অবিলম্বে মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতনের পাশে একটি স্লুইসগেট এবং চকরিয়া পৌর শহর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দীন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন।


মানববন্ধনে আরও বক্তব্য দেন মাস্টারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি আহমেদ রেজা, মাতামুহুরী বাঁশ সরবরাহ সমবায় সমিতির সেক্রেটারি রেজাউল করিম, মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সভাপতি শওকত আলম, সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, ব্যাংকার মনছুর আলম, যুবদল নেতা জয়নাল আবেদীন, ব্যবসায়ী সেলিম রেজা এবং জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম খলিল নেজামী।


মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম জিহাদির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে চিরিংগা মাস্টারপাড়া, সোসাইটি পাড়া, কোচপাড়া, নামার চিরিংগা, স্টেশনপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। শেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান আয়োজক মরহুম ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।