চকরিয়ায় শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আহসান হাবীব হাসানের পিতা মো. হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আবেদন দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবদুল্লাহ আল ফারুকের সঙ্গে কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, চকরিয়া ও পেকুয়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াত-শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের আবদুল্লাহ আল ফারুক বলেন, “জুলাই শহীদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।” তিনি আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখযোগ্য যে, মনোনয়ন জমা দেওয়ার সময় জুলাই বিপ্লবে চকরিয়ায় নেতৃত্বদানকারী ছাত্রনেতৃবৃন্দ এবং অন্য শহীদের স্বজনরাও উপস্থিত ছিলেন, যা স্থানীয় রাজনীতিতে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।










