চকরিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুল মোমেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, এমটিইপিআই পলাশ সুশীলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই হাম-রুবেলা ক্যাম্পেইনে এক ডোজ করে টিকা প্রদান করা হবে। শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।










