চুনতীতে বনভূমি পুনরুদ্ধার: ৫ বসতি উচ্ছেদ, উদ্ধার কোটি টাকার জমি

কক্সবাজারের চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যের আজিজ নগর বিটে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে জবরদখল করা প্রায় ৩ একর বনভূমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২১ জানুয়ারি) আজিজ নগর বিটের গাইনাকাটা, কলাতলী ও ভিলেজারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র আজিজ নগর অভয়ারণ্য বিটের আর এস-৭০৬১ ও ৭০৭১ দাগের বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণ করছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ভিলেজারপাড়া ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেন। অভিযানে বিট কর্মকর্তা মোহাম্মদ আসিফ মিয়া, চঞ্চল কুমার তরফদার এবং কবির হোসেনসহ কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা উপস্থিত ছিলেন।
চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “বনভূমি জবরদখলে জড়িত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত জায়গায় পুনরায় বনায়ন করা হবে।”
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান জানান, বনভূমি রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে সরকারি বনভূমি স্থায়ীভাবে দখলের সুযোগ দেওয়া হবে না।










