চৌফলদণ্ডীতে মাদ্রাসার বই উৎসবে কোরআনি শিক্ষার ওপর গুরুত্বারোপ

কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদণ্ডীর নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল ১ জানুয়ারি সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আকতার কামাল বলেন, "প্রকৃত শিক্ষাই জাতির মেরুদণ্ড, যা মূলত পবিত্র কোরআনের নৈতিক শিক্ষাকেই নির্দেশ করে। এই শিক্ষা অর্জনেই দুনিয়া ও আখিরাতে সুফল নিশ্চিত হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, দাখিল ও জেডিসি পরীক্ষায় টানা কয়েক বছর জেলায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে এই মাদ্রাসাটি পুরো চৌফলদণ্ডী ইউনিয়নকে দেশজুড়ে পরিচিত করেছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে এবং শিক্ষক মো. মিজানুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক মাস্টার সিরাজুল ইসলাম, মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা আনোয়ার হোছাইন, মাস্টার মো. ফেরদাউস এবং মাস্টার আবু মুসা।
বই বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি আকতার কামালকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠানের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।










