জামিয়াতুল ইমাম মুসলিম পরিদর্শনে এমপি কাজল
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

জামিয়াতুল ইমাম মুসলিম পরিদর্শনে এমপি কাজল

জামিয়াতুল ইমাম মুসলিম পরিদর্শনে এমপি কাজল
ছবি সংগৃহীত।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পবিত্র জুমার দিনে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.), কক্সবাজার এবং দক্ষিণ মোহরীপাড়া এলাকা পরিদর্শন করেছেন। তাঁর আগমন উপলক্ষে জামিয়ার পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি আগেই জামিয়ায় পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজ শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ।

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক সংসদ সদস্যের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মরহুম পিতা আলহাজ মোস্তাফিজুর রহমান ও মরহুমা সালেহা খানমের জনকল্যাণমূলক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জামিয়ার শিক্ষা, দাওয়াহ ও মানবসেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন, অল্প সময়ের মধ্যেই জামিয়া দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে এবং এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

তিনি দক্ষিণ মোহরীপাড়ার মানুষের সহযোগিতার প্রশংসা করেন এবং এলাকায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামিয়ার শাইখুল হাদিস মাওলানা আব্দুল গফুর নাদিম এবং সিনিয়র শিক্ষক মাওলানা জাফরউল্লাহ নূরী। তাঁরা জামিয়ার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ২০০৮ সালে প্রথমবার জামিয়া সফরের পর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন অত্যন্ত প্রশংসনীয়। তিনি জামিয়াকে দেশের অন্যতম শীর্ষ ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দক্ষিণ মোহরীপাড়া অদূর ভবিষ্যতে সিটি করপোরেশনের আওতায় আসবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি এলাকায় ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। জামিয়ার পক্ষ থেকে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সংসদ সদস্য তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ধর্ম, বর্ণ ও মত-পথ নির্বিশেষে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তিনি জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জামিয়া প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর পক্ষ থেকে সংসদ সদস্যকে তাঁর মূল্যবান সময়, আন্তরিকতা, দিকনির্দেশনা এবং সহযোগিতার আশ্বাসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।