জুরাছড়ির দুর্গম পাহাড়ে দেড়শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ৪১ বিজিবি

রাঙামাটির জুরাছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন পাহাড়ি জনপদে তীব্র শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। আজ রবিবার (১১ জানুয়ারি) বিজিবির ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ১৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার যোগাযোগবিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ি গ্রামে এই কর্মসূচি পরিচালিত হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এসময় ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় মানবিক কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ। 'অপারেশন উত্তরণ'-এর আওতায় দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, এসব দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সাধারণ মানুষ কয়েক দিনের তীব্র শৈত্যপ্রবাহে চরম ভোগান্তিতে ছিলেন। কাপ্তাই ৪১ বিজিবি নিয়মিতভাবে এই সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ সহায়তার মতো সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।











