জুলাই গণঅভ্যুত্থান: চট্টগ্রামে তালিকায় থাকা ২৯ জনসহ ৩৯ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও 'জুলাই যোদ্ধা' হিসেবে তালিকাভুক্ত হওয়া চট্টগ্রাম বিভাগের ৩৯ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ৩৯ জনের মধ্যে শুধু চট্টগ্রাম জেলারই রয়েছেন ২৯ জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু 'জুলাই যোদ্ধা' আহত নন, অনেকে আন্দোলনে সম্পৃক্ত থেকেও আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।
গেজেট বাতিল হওয়া চট্টগ্রাম জেলার ২৯ জন:
চট্টগ্রাম জেলার গেজেট বাতিল হওয়া ২৯ জন হলেন: খ শ্রেণির মো. সাগর (গেজেট নাম্বার ৩২৮), গ শ্রেণির আবদুল্লাহ আল নোমান (৪৪৯), নাঈম উদ্দীন সাইদ (৪৯২), মোহা. শরিফুল ইসলাম (৫১৫), শাহাদাত ইকরাজ তাহনি (৫২১), তাহমিনা ইকরাম (৫২২), মাহিবী তাজওয়ার (৫৩৪), জসিম উদ্দিন (৫৪২), মো. আতিকুল ইসলাম (৫৫২), মো. ইয়াছিন (৫৬০), আরফাতুল ইসলাম (৫৯৫), ফরহাদ আলম (৬০২), মোহাম্মদ সাজ্জাদ কবির এমরান (৬০৩), মুনতাসিরুল হক চৌধুরী মামুর (৬১৬), পবন চন্দ্র নাথ (৬২২), মিশকাত আলম রিয়াদ (৬৭৫), মো. এমরান (৭১৭), মোহাম্মদ সাগর (৭৬৮), নূরুল্লাহ (৭৮৯), মোহাম্মদ রাফি (৭৯৯), ফয়সাল মোহাম্মদ শিহাব (৮০২), মোছা. ইছনিয়া আকতার (৮২৪), মো. মাঈনুদ্দীন (৮২৫), সাইমন (১৯৭৩), মো. আরিফ (১৯৭৬), রাসেল (১৯৮৬), রমজান আলী (১৯৮৭), মাহিম চৌধুরী (১৯৯১), এবং রিফাত বিন আল (১৯৯৯)।
সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬ জন এবং আহত ১৩ হাজার ৮০০ জন। 'জুলাই যোদ্ধা'রা মাসিক সম্মানীসহ সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। আহত ব্যক্তিদের আঘাতের গুরুত্ব অনুসারে তিনটি শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে:
‘ক’ শ্রেণি: (অতি গুরুতর আহত) মাসিক সম্মানী ২০ হাজার টাকা ও এককালীন অনুদান ৫ লাখ টাকা।
‘খ’ শ্রেণি: (গুরুতর আহত) মাসিক সম্মানী ১৫ হাজার টাকা ও এককালীন অনুদান ৩ লাখ টাকা।
‘গ’ শ্রেণি: (আহত) মাসিক সম্মানী ১০ হাজার টাকা ও এককালীন অনুদান ২ লাখ টাকা।
এছাড়া আহত ব্যক্তিরা আজীবন সম্মানী, চিকিৎসা, পুনর্বাসনসহ অন্যান্য সুবিধা এবং ঢাকার মিরপুরে ফ্ল্যাট পাওয়ার প্রকল্পেও অন্তর্ভুক্ত হবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যেসব জুলাই যোদ্ধা প্রতারণার মাধ্যমে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদের সহায়তা করেছেন, সেই সঙ্গে বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












