জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ৪ এপ্রিল রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করবে জোটটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি অভিযোগ করে বলেন, সরকার সংস্কারের বিষয়টি উপেক্ষা করে কেবল সংবিধানের সংশোধনী আনতে চায়। এ প্রসঙ্গে তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে।
হামিদুর রহমান আযাদ বলেন, “১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।” তিনি জানান, শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।












