ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: ১০ মাসে ৩০০০ আ’লীগ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন। নিজেদের তৎপরতা জানান দেওয়ার এই অপচেষ্টার অভিযোগে চলতি বছরের প্রথম দশ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "চলতি বছরের আজকের দিন পর্যন্ত প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য যারা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছেন, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।"
ঢাকার বাইরে থেকে এসে নেতাকর্মীরা কেন এসব ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল উদ্দেশ্য হলো— ঢাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যেকোনো মূল্যে তাদের যে অবস্থান, সেটা প্রকাশ করানো। মূলত মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তারা সক্রিয় রয়েছেন বলে জানান দেওয়ার চেষ্টা করেন।
তিনি আরও জানান, এই মিছিলগুলোর পেছনে অনেকে অর্থায়ন করছেন এবং প্রত্যেকটি মিছিলে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের একটি সুনির্দিষ্ট টাকা দেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই ঢাকার বাইরের ইউনিয়ন, থানা বা উপজেলা পর্যায়ের নেতা, যা প্রমাণ করে তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা করছেন।
একই দিনে একাধিক ঝটিকা মিছিলের চেষ্টার বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, এটি গণগ্রেফতার নয়। ঝটিকা মিছিলে যাদের হাতেনাতে পাওয়া যাচ্ছে, তাদেরই তাৎক্ষণিকভাবে আটক করে যাচাই-বাছাইয়ের পর মামলায় চালান দেওয়া হচ্ছে। অনেককেই বিপজ্জনকভাবে তৈরি ককটেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি নিশ্চিত করেন যে, মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়। যারা এই আর্থিক প্রণোদনা দিচ্ছেন এবং যারা এসব কার্যক্রমের সমন্বয় করছেন, তারা সবাই পুলিশের নজরদারিতে আছেন।
উপ-পুলিশ কমিশনার বলেন, নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে।












