টেকনাফে গহীন পাহাড়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, বোমা তৈরির উপকরণ এবং হ্যান্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় ও বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন পাহাড়গুলোতে দীর্ঘদিন ধরেই বেশ কিছু ডাকাত দল অস্থায়ী ঘাঁটি স্থাপন করে অবস্থান করছে। ওই ডাকাত দল স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অপহরণ, গুম, খুন এবং মানবপাচারসহ নানা অপরাধ করে আসছিল। শুধু তাই নয়, এ সমস্ত সশস্ত্র ডাকাত দল একই সঙ্গে সীমান্তে মাদক ও চোরাচালানে সম্পৃক্ত রয়েছে। বিজিবির গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরেই এই ডাকাত দলগুলোর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় এলাকায় কিছু ডাকাত সদস্য সশস্ত্র অবস্থায় রয়েছে। এ খবর পেয়ে বিজিবি সদস্যরা তিন স্তরে বিভক্ত হয়ে একটি দল সীমান্ত এলাকায়, একটি দল রঙ্গীখালী পাহাড় এলাকায় এবং অপর একটি দল কক্সবাজারগামী মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা ডাকাত দলকে রঙ্গীখালী এলাকার একটি পাহাড়ে দেখতে পান এবং সেখানে অবস্থানরত বিজিবি সদস্যরা তাদের সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করেন। পরে এলাকাটি ঘিরে ফেললে সশস্ত্র ডাকাত দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ অবস্থায় ডাকাত দলটি তাদের অস্থায়ী ঘাঁটি ত্যাগ করে সংলগ্ন অপর একটি পাহাড়ের দিকে পালিয়ে যায়।
বিজিবি টহল দল উক্ত অস্থায়ী ঘাঁটিতে তল্লাশি চালিয়ে একটি G-3 রাইফেল, ১টি G-3 রাইফেলের অংশবিশেষ, একটি G-3 রাইফেলের ম্যাগাজিন, চারটি ওয়ান শুটার গান, একটি এলজি শুটার গান, ১টি MA-1 (Variant MK2), একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), দুইটি সিলিং, তিনটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (লিভারসহ), ১টি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১০টি হাত বোমা তৈরির উপকরণ, ৮টি চাপাতি, ৫টি ছুরি, ১টি কাঁচি, ৩০২ রাউন্ড গুলি (১৪২ রাউন্ড এমজি, ১৩২ রাউন্ড রাইফেল/এসএমজি, ১ রাউন্ড পিস্তল, ৬ রাউন্ড ওয়ান শুটারের ছড়াগুলি এবং ২১ রাউন্ড M-1) ও ৫৪ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলির খালি খোসা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ডাকাত দল অস্ত্রের মুখে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।
উল্লেখ্য, গত ১ মার্চ পতাকা উত্তোলনের পর থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) চোরাচালান নিরোধ অভিযান ও অস্ত্র উদ্ধার করে আসছে, যা এই অঞ্চলে প্রশংসার দাবি রাখে। এ পর্যন্ত ৩৯ লাখ ৮২ হাজার ৬০ পিস ইয়াবা, ২৫.৪৬ কেজি গাঁজা, ২০.৭৫ লিটার বাংলা মদ, ১০০৮ ক্যান বিয়ার এবং ৩৫ বোতল ফেনসিডিলসহ ৮৮ জন আসামিকে আটক করা হয়েছে। এছাড়াও ওয়ান শুটার গান-৪টি, বিদেশি রিভলবার-১টি, একনলা গাদা বন্দুক-৫টি, আর্জেস হ্যান্ড গ্রেনেড-১০টি, মর্টার শেল-২টি, একে-৪৭-১টি, এলজি গান-১টি, ক্রিচ লং বডি-২টি, বিদেশি অস্ত্র (UZI)-২টি, ম্যাগাজিন-১২টি এবং বিপুল পরিমাণের গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জন আসামিকে ইতিপূর্বে আটক করা হয়।










