টেকনাফে হ্নীলা ইউনিয়ন পরিষদের নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ২ নং হ্নীলা ইউনিয়ন পরিষদে নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাংবাদিক নাছির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. ইমামুল হাফিজ নাদিম। এ সময় প্রধান অতিথি মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, "পরিষদে যে মসজিদ নির্মিত হয়েছে তা অবশ্যই ভালো কাজ। যাঁরা পরিষদে সরকারি সেবা নিতে আসবেন তাঁরা নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে পারবেন। পাশাপাশি যাঁরা এ কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করেছেন তাঁরা সকলে সমান সওয়াবের অধিকারি হবেন।"
বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, "আগামী নির্বাচনে কেউ অবৈধ কর্মকাণ্ড দেখাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে। হ্নীলা ইউনিয়নের কিছু কিছু এলাকায় মাদক ব্যবসায়ী, অস্ত্রধারীসহ অনেক অপরাধী রয়েছেন, তাঁদের শিকড় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করব। তবে নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার অন্যায় বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন।" তিনি আরও বলেন, "মসজিদ যেমন সমাজের জন্য ভালো কাজের বার্তা দেয়, তেমনি আপনাদেরও সেই শিক্ষা কাজে লাগিয়ে এ সমাজের প্রতিফলন করতে হবে।"
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, "হ্নীলা ইউনিয়ন পরিষদে একটি মসজিদ নির্মাণ সকলের স্বপ্ন ছিল। তা আজ উদ্বোধনের মাধ্যমে পূরণ হয়েছে। পাশাপাশি এ মসজিদ জনগণের টাকায় নির্মিত হয়েছে। আমি এ পরিষদে যোগদানের পর থেকে যা করেছি সব এ ইউনিয়নের জনগণের জন্য করেছি।"
তিনি আরও বলেন, "দুনিয়াতে মসজিদ নির্মাণ করা মানে আখিরাতের জীবনের জন্য জান্নাতে একটি ঘর করা। ইহা একটি খুবই সওয়াবের কাজ। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে যেকোনো পাপ কাজ থেকে বিরত থাকা যায়। প্রতিটি মুসলিম পরিবারের বালেগদের নিয়মিত নামাজের প্রতি তাগিদ দিলে বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে যেমন প্রতিকার পাওয়া যাবে, তেমনি পরকালের জীবনে পরিত্রাণ আশা করা যায়। দেশ ও সমাজের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।"
নবনির্মিত এই মসজিদে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিকগণের পাশাপাশি স্থানীয়রাও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও পানি ও ওযুর ব্যবস্থা রয়েছে।
এদিকে, একই স্থানে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজ প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা শিশুশ্রম, নিপীড়ন ও ভারী কাজকর্ম থেকে শিশুদের ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের 'ফেইথ অ্যান্ড ডেভেলপমেন্ট' পরিচালক ধীরেন বিশ্বাস, সাবেক সচিব শেখ মো. ফরিদ, ৪ নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদ, ১ নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, বেলাল উদ্দিন মেম্বার, মো. রফিক মেম্বার, মহিলা মেম্বার রাহমা আকতার, সাবেক মেম্বার আলী আহমদ, ছালেহ আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ, খেলাফত আন্দোলন-এর আবদুল খালেক নিজামী, নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, দারুস সুন্নাহ মসজিদের খতিব ক্বারি মাও মোখতার হোসেন, নয়াপাড়া মোছনি আদর্শ বিদ্যাপীঠের অধ্যক্ষ দয়াল হরি ধর প্রমুখ।
সভা শেষে নবনির্মিত মসজিদটি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, টেকনাফ উপজেলায় ইউনিয়ন পরিষদগুলোতে এর আগে এ ধরনের কোনো মসজিদ নির্মিত হয়নি। মোহাম্মদ আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু থেকে এই মসজিদ তৈরীর উদ্যোগ নেন। এই মসজিদে এক সাথে শতাধিক মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।










