টেকনাফে ১৫০ শিক্ষার্থীর মাঝে খাতা-কলম বিতরণ ও জনসচেতনতামূলক সভা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বৈদ্যগোনায় 'জান্নাত-মান্নাত সেবা ফাউন্ডেশন'-এর উদ্যোগে ১৫০ জন অসহায় ও গরীব শিক্ষার্থীর মাঝে খাতা-কলম বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পদকপ্রাপ্ত নারী নেত্রী কুলসুমা বেগম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুদ্দীন মোহাম্মদ মামুন।
বিতরণ অনুষ্ঠান ছাড়াও সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সামাজিক সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঝরে পড়া শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনা, বাল্যবিবাহ রোধ এবং মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
বিশুদ্ধ পানির সংকট নিরসন, ড্রেন পরিষ্কার ও মশক নিধন, অন্ধকার এলাকায় সড়ক বাতি স্থাপন এবং অস্বচ্ছল পরিবারকে স্বাস্থ্যসম্মত টয়লেটের আওতায় আনা।
বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, প্রকৃত জেলেদের কার্ড প্রদান এবং সরকারি ভাতার সমস্যা দ্রুত সমাধান করা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুদ্দীন মোহাম্মদ মামুন জানান, তাঁর অকালে প্রয়াত দুই মেয়ে জান্নাত ও মান্নাতের স্মৃতি রক্ষার্থেই এই সেবামূলক কার্যক্রম। তিনি এলাকার উন্নয়নে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
সভা শেষে উপস্থিত সবার মাঝে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।










