ঠিকানা জটিলতায় ফেরত এলো ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের জন্য পাঠানো ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ঠিকানা জটিলতার কারণে ফেরত এসেছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০ ব্যালট পেপার নির্বাচন কমিশনে (ইসি) ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে সেগুলো ফেরত এসেছে।
নির্বাচন কমিশনার আরও জানান, পোস্টাল ব্যালটে কারচুপির কোনো সুযোগ নেই। তিনি বলেন, “ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে একজনের ভোট অন্য কেউ দেওয়ার অবকাশ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তাতে কান দেওয়ার কোনো কারণ নেই।”
ব্যালট পেপারের গঠন ব্যাখ্যা করে তিনি জানান, এবারের পোস্টাল ব্যালটে ৩৯টি প্রতীক বা মার্কা রয়েছে, যা ব্যালটের ভাঁজের মধ্যে পড়েছে। এবার সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।











