তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে দেশ সমৃদ্ধ হবে: ফরিদা আখতার

দেশের টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে দেশীয় উৎপাদন ও উদ্যোক্তা নির্ভর খাতকে শক্তিশালী করা জরুরি। ডেইরি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তরুণদের সম্পৃক্ত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।” তিনি খোলা বাজারের মাধ্যমে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করেন।
আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে চট্টগ্রামের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, সেই ঐতিহ্য ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গড়ার কারিগর হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ডেইরি খাতের বিকাশ কেবল পুষ্টির চাহিদা মেটাবে না, বরং বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন পরিচালক মো. শাহজামান খান তুহিন, সম্প্রসারণ পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আতিয়ার রহমান। এ কে এগ্রো অ্যান্ড ফার্মের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচ শতাধিক খামারি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সেমিনার শেষে প্রধান অতিথি এ কে এগ্রো অ্যান্ড ফার্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।












