ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যের শুরুতে ১৯৭১ সাল থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। তারেক রহমান বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এভাবেই দলটি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয়।
অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।












