ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান সভাপতি।
পরে স্পিকার পদে তার নাম প্রস্তাব করার জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান সভাপতি। নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করেন এবং তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
প্রস্তাবটি সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি।












