থানচিতে জুনেই সচল হচ্ছে ৮ কোটি টাকার থমকে থাকা পানি প্রকল্প

বান্দরবানের থানচি উপজেলা সদরে দীর্ঘ চার বছর ধরে ঝুলে থাকা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পটি আগামী জুনে চালু হতে যাচ্ছে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি সচল হওয়ায় উপজেলার সদর ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি ও আধুনিক স্যানিটেশন সুবিধার আওতায় আসছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালে সদর ইউনিয়নের টিএন্ডটি পাড়ায় এই মেগা প্রকল্পটি গ্রহণ করা হয়। তৎকালীন সময়ে কাজ শুরু হলেও জমি সংক্রান্ত বিরোধ এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতায় প্রকল্পটির বাস্তবায়ন স্থবির হয়ে পড়ে। ফলে গত কয়েক বছর ধরে উপজেলার বাসিন্দারা তীব্র সুপেয় পানির সংকটে ভোগেন।
সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী স্বপন চাকমা জমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ পুনরায় শুরু করেন। বর্তমানে সরবরাহ লাইনের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের সংযোগ ও কারিগরি পরীক্ষার কাজ।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী স্বপন চাকমা বলেন, "প্রকল্পের বড় বাধাগুলো ইতিমধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের মধ্যেই আমরা জনসাধারণের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে পারব।"
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এই পাহাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার তৈরি হয়। প্রকল্পটি চালু হলে সেই দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বিশুদ্ধ পানির এই সুবিধা পাহাড়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনবে এবং স্যানিটেশন ব্যবস্থায় পরিবর্তন আনবে।











