থানচিতে নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ৯ প্লাটুন বিজিবি, থাকছে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বান্দরবানের সদর ও থানচি উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পূর্ণ প্রস্তুতির কথা জানায়।
বলিপাড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছেন। দুর্গম পার্বত্য এলাকায় ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের সুরক্ষায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে কাজ করবে এই বাহিনী। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং বিজিবির হেলিকপ্টার। এছাড়া বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও নিরাপত্তা টহলে যুক্ত থাকবে।
ব্রিফিংয়ে ৩৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর। দুর্গম এলাকার নেটওয়ার্কবিহীন কেন্দ্রগুলোতে তথ্য আদান-প্রদানে স্টারলিংক ও রেডিও লিংক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।”
সীমান্তবর্তী থানচি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে জানিয়ে কর্তৃপক্ষ জানায়, ৪৬ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। প্রেস ব্রিফিং শেষে ব্যাটালিয়নের পক্ষ থেকে স্থানীয় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।











