থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ডাম্পার, চালক নিহত

বান্দরবানের থানচিতে নির্মাণাধীন সড়কে কাজ করার সময় একটি সিভিল ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে উসিপ্রু মারমা (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে থানচি-লিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায় ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন একটি বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উসিপ্রু মারমা রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার সাপমারা গ্রামের চিংবাইঅং মারমার ছেলে। তিনি উক্ত সড়কের নির্মাণকাজে চালক হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে বালুভর্তি ডাম্পারটি তীব্র বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ১৭ ইসিবি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, “সড়ক নির্মাণকাজে নিয়োজিত ডাম্পার দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”











