থানচিতে সাচিংপ্রু জেরীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ নম্বর (বান্দরবান) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী তাঁর নির্বাচনী প্রচারণার প্রথম দিনে থানচি উপজেলায় পথসভা ও গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বলিপাড়া ও থানচি সদর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
পথসভায় সাচিংপ্রু জেরী বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি রাজপথে রয়েছে। আমি নির্বাচিত হলে বান্দরবানের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনব।” তিনি আরও যোগ করেন, এলাকার মানুষ দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
কর্মসূচি চলাকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বলিপাড়া এবং থানচি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তফসিল ঘোষণার পর এই এলাকায় এটিই বিএনপির প্রথম আনুষ্ঠানিক বড় ধরনের নির্বাচনী প্রচারণা।
পথসভায় জেলা ও স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন। দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতা-কর্মীদের প্রচারণা চালাতে দেখা যায়।











