থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

বান্দরবানের থানচিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল এইচ রোজারিও সিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
প্রধান শিক্ষক সিস্টার বেনেডিক্টা পেরেরা এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, "শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। এটি তাদের সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।"
অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তার সহধর্মিণী ইসরাত জাহান শিথিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।











