দক্ষিণ-পূর্ব সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, ২৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে দক্ষিণ-পূর্ব সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরে এই রিজিয়নের অধীনে পরিচালিত অভিযানে ২৮ কোটি ৩০ লাখ টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রামের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধিনায়ক জানান, মিরসরাই থেকে জুরাছড়ির দুর্গম সীমান্ত পর্যন্ত ৫৪০ কিলোমিটার এলাকায় বিজিবির ১৩টি ব্যাটালিয়ন নিরলস দায়িত্ব পালন করছে। চলতি বছরে অভিযানে ২৯ জন আসামিসহ ২৮ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৮১৯ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, গাঁজা এবং প্রায় ২৭ কোটি টাকার বিভিন্ন সামগ্রী।
অস্ত্র চোরাচালান বিরোধী অভিযানের সাফল্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ও ভারতের তৈরি পিস্তল, রাইফেল, এসএমজিসহ উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অস্ত্র যেন প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত আন নাঈমসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











