দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না

দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না। বান্দরবানের লামা থানা পুলিশ অবশেষে সাজাপ্রাপ্ত আসামি মনোয়ার আলম (প্রকাশ মনু আলম)-কে গ্রেপ্তার করেছে। একটি মামলায় আদালতের দেওয়া ১৭ বছরের সাজা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন।
বুধবার (২৯ অক্টোবর) দিনগত রাতে লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মনোয়ার আলমের (৫০) পিতার নাম আবুল সামা। তিনি ৩নং ফাঁসিয়াখালী, লাইল্যারমার পাড়ার বাসিন্দা এবং লামা থানার মূলতবি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
লামা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দলে আরও ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান ভূইয়া, এএসআই প্রকাশ ঘোষ এবং ফোর্স সুজন মিত্র। দলটি ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় সফলভাবে অভিযান চালিয়ে আসামি মনোয়ার আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করি এবং তাঁকে ধরতে সক্ষম হই। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।”












