দৈনিক সাঙ্গুতে সংবাদ প্রকাশের পর পটিয়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্নদত্ত সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা নিয়ে ‘দৈনিক সাঙ্গু’ পত্রিকায় গত ২৩ জুলাই “পটিয়া পৌরসভার অন্নদত্ত সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন মাধ্যমে মতামত প্রকাশ করেন।
তবে সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় আজ ২৬ জুলাই রবিবার সকালে স্থানীয় সমাজসেবক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মফিজুর রহমান নিজ অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে তিনি কংক্রিট, বালু ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের কাজ শুরু করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় প্রতিদিন পথচারী, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে উঠত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী, শিশু ও বয়স্কদের জন্য সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
স্থানীয় বাসিন্দা আবদুল মোমেন বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বিভিন্ন সময়ে সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে মফিজ ভাই নিজ উদ্যোগে সড়ক সংস্কারের দায়িত্ব নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার মানুষ তাঁর এই মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।”
আরেক বাসিন্দা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সরকারি উদ্যোগে দ্রুত সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছিল। ব্যক্তিগত অর্থ ব্যয়ে সড়ক মেরামতের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সমাজসেবক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “অন্নদত্ত সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী এই পথ ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে মানুষের কষ্ট দেখে মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছি। মানুষের কল্যাণে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখব।” এমন গুরুত্বপূর্ণ সড়কের চিত্র তুলে ধরে মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য তিনি ‘দৈনিক সাঙ্গু’কে ধন্যবাদ জানান।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, ব্যক্তিগত উদ্যোগ সাময়িকভাবে জনদুর্ভোগ লাঘব করলেও এটি স্থায়ী সমাধান নয়। তারা দ্রুত পটিয়া পৌর কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কগুলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষকে এমন দুর্ভোগের মুখোমুখি হতে না হয়।











