নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা স্পষ্ট করেন।
উপদেষ্টা বলেন, “আমরা একটি সীমিত সময়ের সরকার। নতুন পে-কমিশনের প্রতিবেদনটি কেবল গ্রহণ করা হয়েছে এবং সুপারিশগুলো পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে পে-স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিচ্ছি না।” ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সুপারিশ বাতিল বা পরিবর্তন করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার ব্যয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, সাধারণত পে-কমিশনের সুপারিশগুলো একসাথে নয়, বরং পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। অর্থের সংস্থান ও পর্যায়ক্রমিক বাস্তবায়নের বিষয়টি গঠিত কমিটি খতিয়ে দেখবে।
পরবর্তী সরকারের ওপর কোনো চাপ তৈরি করা হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের ক্ষোভ নিরসন করে পরবর্তী সরকারের পথ মসৃণ রাখাই আমাদের লক্ষ্য। আমরা কোনো সুপারিশ গ্রহণ করিনি, শুধু প্রতিবেদনটি গ্রহণ করেছি এবং তা পরীক্ষার জন্য কমিটি গঠন করেছি।”












