নতুন বাংলাদেশ গঠনে নিরপেক্ষ নির্বাচনের ডাক দিলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নতুন বাংলাদেশ গঠনের পথে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় পরীক্ষা- এমন মন্তব্য করে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনে সামান্য ব্যত্যয় ঘটলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগাড়া সদরস্থ মোস্তাফিজুর রহমান কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, যাদের ওপর নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব পড়েছে, তাদের দেশপ্রেম ও সততার পরিচয় দিতে হবে। সরকারি কর্মকর্তারা চাইলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। রাষ্ট্রের সঙ্গে বেইমানি করলে রাষ্ট্র তা কখনোই মেনে নেবে না। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে কোনো অনিয়ম বা গোপন করার সুযোগ নেই।
ডিসি জানান, ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাবে। একই সঙ্গে দায়িত্ব পালনকারীদের এখন থেকেই কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নয়, ভোটার নিজেই নিজের ভোট প্রয়োগ করে অধিকার আদায় করবে। ভোটের আমানতের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, বিশ্বকে দেখাতে চাই, বাংলাদেশ আবারও একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান, ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক ও লোহাগাড়া আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর আসিফুর রহমান, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ডার ফরিদা পারভীন সোলতানা এবং চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক গোলাম মঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।











