নাইক্ষ্যংছড়িতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জনস্রোত প্রমাণ করেছে তিনি এদেশের কত জনপ্রিয় ও আপসহীন নেত্রী ছিলেন। তাঁর রেখে যাওয়া দর্শন ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।"
জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুরের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, সদস্য সেলিম রেজা ও জেলা নেতা মো. আইয়ুব।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদসহ নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম, বাইশারী, সোনাইছড়ি ও দোছড়ি ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।











